
নুরুজ্জামান,লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জে স্ত্রী হোসনে আরা (২৪)কে শ্বাসরোধে হত্যার দায়ে জোবাইদুল (৩৩) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় আরও তিনজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ মিজানুর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত জোবাইদুল কালীগঞ্জ উপজেলার কাজীরহাট বানিনগর এলাকার আব্দুস সালামের ছেলে। আর এ মামলায় খালাস প্রাপ্তরা হলেন, সাজাপ্রাপ্ত জোবাইদুলের মা জোবেদা বেগম, বড় ভাই ফজল আলী ও বাবা আব্দুস সালাম।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১২ সালের দিকে একই এলাকার জোবাইদুল ইসলামের সাথে হোসনে আরার বিয়ে হয়। তাদের সংসারে দুই মেয়ে সন্তানের জন্ম হয়। এরপর জোবাইদুল পরকিয়া প্রেমে জড়িয়ে পড়লে স্ত্রী বাধা দেয়।এতে স্বামী স্ত্রীর বিরোধের সৃষ্টি হয়। পরকিয়ায় বাঁধা দেওয়ায় উভয়ের মাঝে প্রায়সময় ঝগড়া লেগেই থাকতো। এর জেরে জোবাইদুল ও তার পরিবারের লোকজনসহ নির্যাতন শুরু করেন। এ বিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও কোনো লাভ হয়নি। পরে ২০১৭ সালের ২৩ জুলাই রাতে শ্বশুরবাড়ির পাশের নালায় হোসেনে আরার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় হোসনে আরার মামা মোমিন মিয়া বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন৷ মামলায় হোসনে আরার স্বামী জোবাইদুল ইসলামকে প্রধান করে, শাশুড়ি জোবেদা বেগম, ভাসুর ফজল আলী এবং জোবাইদুলের বাবা আব্দুস সালামকে আসামি করা হয়।
বাদীপক্ষের আইনজীবী কে এম হুমায়ুন রেজা স্বপন বলেন, দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত জোবাইদুলকে ৩০২ ধারা মোতাবেক এ সাজা প্রদান করেন। এবং অন্য আসামীদের উপর আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দিয়েছে আদালত। তবে এ মামলায় খালাসপ্রাপ্ত আসামীদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন মামলার বাদী মোমিন মিয়া।





