
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস।
মঙ্গলবার সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা চত্বরে প্রথমে বঙ্গবন্ধুর বেদীতে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পন করেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি। পরে, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ পুষ্প মাল্য অর্পণ করেন ।এরপরে, সকাল ৮টা ৩০ মিনিটে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ এক সুতোয় গাঁথা। তিনি ছিলেন বাঙালির প্রাণের নেতা। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিতে চেয়েছিলো। কিন্তু তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের সেই চেতনাকে ধ্বংস করতে দেননি। তাই নতুন প্রজন্মকে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উদবুদ্ধ হয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় জনতা ভবনে জাতীয়, দলীয় ও কালো পতাকা অর্ধনমিত উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, শোক র্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শেষে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
এ ছাড়াও বাউফল হাই স্কুল অডিটরিয়ামে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মেয়র, জিয়াউল হক জুয়েল ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ মোতালেব হাওলাদারের নেতৃত্বে বাউফল পাবলিক মাঠে পৃথক পৃথকভাবে শোক দিবস পালিত হয়।











