সিলেটে ক্যান্সার ইউনিটের ভিত্তি স্থাপন করলেন প্রধানমন্ত্রী

শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে সমন্বিত ক্যানসার, কিডনি ও হৃদরোগ ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। আজ রোববার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই ভিত্তি স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন।
জানা গেছে, স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের আটটি বিভাগে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের অধীনে হচ্ছে সমন্বিত ক্যানসার, কিডনি ও হৃদরোগ ইউনিট। আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে এসব ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

সংশ্লিষ্টরা জানান, ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর এই প্রকল্প একনেক সভায় পাস হয়। এতে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৩৮৮ কোটি ৩৯ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে গণপূর্ত অধিদপ্তর।
এসব ইউনিটে ক্যানসার প্রতিরোধ ও স্ক্রিনিং সেবা ছাড়াও হাসপাতালভিত্তিক ও জনগোষ্ঠীভিত্তিক ক্যানসার নিবন্ধন, অপারেশন ও কেমোথেরাপি, গাইনি হেমাটোলজি ও অনকোলজি বিভাগও চালু থাকবে।
সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এই ইউনিট স্থাপন করা হচ্ছে। দুটি বেজমেন্টসহ ১৫ তলার ফাউন্ডেশন দিয়ে একটি ভবন নির্মাণ করা হবে।
আজ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এক বছরের নিচে এবং ৬৫ বছরের ঊর্ধ্বে যারা, মানে একেবারে শিশু ও বয়োবৃদ্ধ যারা তাদের চিকিৎসাটা যাতে বিনা মূল্যে দেয়া যেতে পারে, সে ধরনের পরিকল্পনাও আমাদের রয়েছে।’

দেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৩৯ থেকে ১ দশমিক ৩৩-এ দাঁড়িয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এর বেশি আর কমানোর দরকার নেই। আমাদের নতুন জনসংখ্যাও দরকার, আর যুবসমাজও দরকার। এটা আমাদের দেখতে হবে।’
শেখ হাসিনা বলেন, ‘করোনা মোকাবিলার জন্য আমরা বিশেষ প্রণোদনাও দিয়েছি, তা ছাড়া টিকা সংগ্রহ করা, টিকা ক্রয় করা, পরীক্ষা করা এবং ভ্যাক্সিনেশন-পৃথিবীর বহু দেশ কিন্তু বিনা পয়সায় দেয় না, অনেক উন্নত দেশও দেয় না। বাংলাদেশে আমরা কিন্তু ভ্যাকসিন বিনা পয়সায় দিচ্ছি।’
টিকা নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অনেকে ভয় পান। গায়ে সুই ফোঁটাবে সেই ভয়ও আছে। নানা ধরনের অপপ্রচারও ছিল, কিন্তু সবার প্রতি অনুরোধ থাকবে, করোনাভাইরাস এবং নতুন আবার আরেকটি ভ্যারিয়েন্ট দেখা গেছে ওমিক্রন, এর হাত থেকে বাঁচার জন্য, এটি সব থেকে বেশি শিশুদের ধরছে, সে জন্য ১২ বছর বয়স পর্যন্ত শিশুদের টিকা দেয়ার ব্যবস্থা নিয়েছি। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা ভয় না পেয়ে টিকাটা নিয়ে নেন।’

বিশেষায়িত ক্যান্সার ইউনিটের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনের সাথে ভাচুর্য়ালি সংযুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত ছিলেন- সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার, সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, ওসমানী হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) রিনা বেগম, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক প্রমুখ।


সিলেটে ক্যান্সার ইউনিটের ভিত্তি স্থাপন করলেন প্রধানমন্ত্রী

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles