শেরপুরে বিজয় দিবস উদযাপন

0
48

শেরপুর জেলা প্রতিনিধি

মহান বিজয় দিবসের প্রত্যুষে শেরপুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। ভোরে সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে মানুষের ঢল নামে। শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খাইরুম ও পুলিশ সুপার মোনালিসা বেগম।

পরে জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল, শেরপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, প্রেসক্লাব, খেলাঘরসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং নানা শ্রেণি পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বরে ৩০ লাখ শহীদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।

এদিকে, সকাল ৯টার দিকে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে কুচকাওয়াজ ও মনোজ্ঞ শারীরিক কসরত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের স্কাউট, গার্লস গাইড, রোভার, বিএনসিসি, রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করে।

বিজয় দিবস উপলক্ষে জেলা শিশু একাডেমী চিত্রাংকন, আবৃত্তি, রচনা ও সংগীত প্রতিযোগিতার আয়োজন করেছে। হাসপাতাল, জেলাখানা, এতিমখানা উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এদিকে জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ফ্রি মেডিকেল ক্যাম্প, ঔষধ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস পালিত হওয়ার কথা রয়েছে।


শেরপুরে বিজয় দিবস উদযাপন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here