
হাফিজুল ইসলাম বকুল,খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসা উপজেলায় চার পরিবারের ছয়টি বসতঘর ও পাঁচ বিঘা পানের বরজ আগুনে পুড়ে ছায়। তাতে ক্ষয়ক্ষতি হয়েছে ৫০ লক্ষ টাকার মালামাল।
বৃহস্পতিবার দুপুরে ১ টার সময় খোকসা উপজেলা শিমুলিয়া ইউনিয়নের বশোয়া পশ্চিম পাড়া গ্রামে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই গ্রামের দিনমজুর, সাবু মন্ডল, সবুজ মন্ডল, মাসুদ মন্ডল, পিতা লতিফ মন্ডল ও ইন্তাজ মন্ডল, পিতা আমজাদ মন্ডলের বসতঘরে পশ্চিম পাশে পানের বরজ থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় দিনমজুর সাবু মন্ডল, সবুজ মন্ডল, মাসুদ মন্ডল ও ইন্তাজ মন্ডলের বসতঘরে আগুন লেগে পুড়ে যায়।
এতে চারটি পরিবারের ছয়টি বসতঘর,ও ঘরের মধ্যে থাকা আড়াইশো থেকে ৩০০ মন পিঁয়াজ পুড়ে মাটিতে মিশে যায় ও নগদ ৮০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে নিঃস্ব হয়ে যায়।এতে ক্ষতিগ্রস্ত ৪টি পরিবার।
খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, আল মাছুম মোর্শেদ শান্ত, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি। এছাড়াও খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুর রহিম খান ও বাবুল আকতার ঘটনা স্থলে পরিদর্শন করতে যায়।
স্থানীয়রা জানান, ফায়ার সার্ভিসকে খবর দিলে রাস্তার বেহাল দশার কারণে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যেতে পারেনি এ কারণে এসব পরিবারের কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
শিমুলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, পানের বরজ থেকে আগুনের সূত্রপাত। এতে ৪টি পরিবারের সমস্ত কিছু পুড়ে যায়। ঘরে থাকা আসবাবপত্র কোন কিছুই বের করতে পারেননি পরিবার। ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তা করা হবে বলেও জানান তিনি।











