গুরুদাসপুরে জুতা ব্যবসায়ী ও সওদাগরদের মধ্যে সংঘর্ষ- আহত ৪

মোঃ আতিকুর রহমান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুরে চাঁচকৈড় বাজারে সুমাইয়া সু-ষ্টোরে হামলা চালিয়ে ৪ জনকে রক্তাক্ত জখমের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি ২০২২) সন্ধা ৭ টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারের সুমাইয়া সু ষ্টোরে ওই হামলার ঘটনা ঘটে । এতে দোকান মালিক মোঃ দুলাল খলিফা (৫৫) ও তার ছেলে মোঃ বাবলু খলিফা (২৫), কর্মচারী মোঃ সুলতান (৩০) এবং মোঃ শাহিন (৩২) কে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। এসময় দোকানও ভাংচুর করা হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, ব্যবসায়িক টাকার লেনদেনকে কেন্দ্র করে উভয়পক্ষে প্রথমে কথা কাটাকাটি হয় এবং এর কিছুক্ষণ পরে চাঁচকৈড় সওদাগর পাড়ার মান্নান খলিফার ছেলে অনিক সওদাগর (৩০) ও মোহন সওদাগর (২৬) এর নেতৃত্বে ওই হামলা চালানো হয়। এধরণের হামলায় চাঁচকৈড় বাজারে চরম আতংকের সৃষ্টি হয়।

বাদাম বিক্রেতা বৃদ্ধা খইমন (৭০) বলেন, হামলার ঘটনায় তার দোকানের বাদামগুলো নষ্ট হয়েছে। ভরা হাটে এভাবে সংঘবদ্ধ হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা।

হামলার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


গুরুদাসপুরে জুতা ব্যবসায়ী ও সওদাগরদের মধ্যে সংঘর্ষ- আহত ৪

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here