গোপালগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

0
81

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় এক সমন্বয়ক আহত হয়েছেন। ঘটনার পর থেকে উত্তপ্ত বশেমুরবিপ্রবি ক্যাম্পাস। বেশ কয়েক দফায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ারও ঘটনা ঘটেছে।

হামলায় আহত সমন্বয়কের নাম ওমর শরীফ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বশেমুরবিপ্রবির সমন্বয়ক। শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার সময় এ ঘটনা ঘটে।

বশেমুরবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক জসিমউদ্দীন বলেন, জুলাই আন্দোলনে সরাসরি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা, ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম সোহাগ শনিবার পরীক্ষা শেষ করে বের হচ্ছিলেন। এ সময় আমরা ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের কাছে তুলে দিতে গেলে সোহাগসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রলীগ নেতৃবৃন্দ আমাদের ওপর হামলা চালায়। এ সময় সমন্বয়ক ওমর শরীফ আহত হন।

হামলায় আহত ওমর শরীফের কাছে জানতে চাইলে তিনি জানান, ছাত্রলীগ নেতা সোহাগকে আটক করে পুলিশের কাছে তুলে দেওয়ার সময় আমার ওপর হামলা হয়েছে।

বশেমুরবিপ্রবির প্রক্টর আরিফুজ্জামান রাজিব সংবাদকর্মীদেরকে জানান, ছুটিতে তিনি বাড়ি রয়েছেন। শিক্ষার্থীদের কাছ থেকে ফোনে ঘটনা শুনেছেন। বিশ্ববিদ্যালয়ে গিয়ে বিষয়টি দেখবেন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, ছাত্রদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ক্যাম্পাসের ভেতরে যায়নি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।


গোপালগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here