
ভোলা জেলা প্রতিনিধি
ভোলা জেলার স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) সকালে ভোলা শিল্পকলা একাডেমির হলরুমে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি এস এম জিলানী।
তিনি বলেন, একটি দেশের মালিকানা সে দেশের জনগনের কিন্তু ফ্যাসিবাদী সরকার মানুষকে সে মালিকানা থেকে বঞ্চিত করেছে। মানুষের ভোটের অধিকার হরণ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি উদারপন্থী গনতান্ত্রিক রাজনৈতিক দল। দীর্ঘ সতের বছর এ দল মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করেছে, জীবন বিপন্ন করেছে।
তিনি আরো বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একটি সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠন, আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন তা বাস্তবায়ন করার জন্য কাজ করে যেতে হবে। আগামি ফেব্রুয়ারীর নির্বাচনের জন্য এখন থেকে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মাসুদের সভাপতিত্বে ও সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল আহসান, সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক, সহ সভাপতি নেছার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক, কাজী মোক্তার হোসেন, মোহাম্মদ উল্ল্যাহ চৌধুরী ফয়সাল, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান হিরা, সহ দপ্তর সম্পাদক ওসমান গনি, সদস্য রাকিবুল হাসান চৌধুরীসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ













