
এম রিয়াজ উদ্দিন,লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) আন্তঃইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে পৌরশহরের লাঙলখালী এলাকার বীরবিক্রম মেজর হাফিজ স্টেডিয়ামে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)। লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় কালমা ইউনিয়ন একাদশ বনাম ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখা একাদশ অংশগ্রহণ করে।
প্রধান অতিথির বক্তব্যে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ফুটবল বাংলাদেশসহ পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা। প্রত্যেকটি স্কুলে খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে। খেলাধুলার মাধ্যমে সমাজের অনেক খারাপ কর্মকাণ্ড দূর হয়ে যায়। লালমোহন থানায় এত সুন্দর ও উৎসব মুখর পরিবেশে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন সত্যিই মনমুগ্ধকর। এরআগে এই উপজেলায় এত সুন্দর আয়োজন কেউ করতে পারেনি।
লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এ সময় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি শাহরুখ হাফিজ ডিকো, বর্তমান সভাপতি মো. জাফর ইকবাল, সাবেক যুগ্ম-আহ্বায়ক সোহেল মো. আজিজ শাহিন, মো. সফিউল্লাহ হাওলাদার, অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, পৌরসভা বিএনপি’র সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটোয়ারীসহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খেলায় ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব একাদশ জয়লাভ করে।












