
নুরুজ্জামান,লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ই জানুয়ারি) গোড়ল ইউনিয়ন বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় বুড়িরহাটে আয়োজিত এই কর্মসূচিতে গোড়ল ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক গজর উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপি’র সহ-সভাপতি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী রোকন উদ্দিন বাবুল।
অনুষ্ঠানে রোকন উদ্দিন বাবুল তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ এবং দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তাঁর অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম জিয়ার অবদান এদেশের মানুষের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে।” আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের সেবায় কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কালীগঞ্জ উপজেলা ও গোড়ল ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা আসন্ন নির্বাচনে রোকন উদ্দিন বাবুলকে বিজয়ী করতে সকল বিভেদ ভুলে ঝাঁপিয়ে পড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষ দ্রষ্টব্য হিসেবে, সদ্য যোগদানকৃত কালীগঞ্জ উপজেলা জামাতের সাবেক আমির আব্দুল লতিফ মাস্টার ধানের শীষে পক্ষে ভোট প্রার্থনা করে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভা শেষে এক বিশেষ মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি এবং বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। দোয়া মাহফিলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ স্থানীয় অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।





