
জসিম মাতাব্বর,বিশেষ প্রতিনিধি ভোলা
ভোলার লালমোহন উপজেলায় পারিবারিক কলহের জেরে রুনা (১৭) নামে এক কিশোরী গৃহবধূকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী মো. জিহাদ (২১) পলাতক রয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের গনেশপুর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত রুনা ওই এলাকার হাফিজুর রহমানের মেয়ে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মাত্র সাত মাস আগে রুনার সঙ্গে মো. জিহাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের সংসারে প্রায়ই দাম্পত্য কলহ চলছিল।
পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যায় ঘরে প্রবেশ করে রুনাকে বিছানার ওপর কম্বল মোড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার বুকের ওপর একটি বালিশ ছিল। বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে কম্বল সরালে রুনার মুখে লালা বের হতে দেখা যায়। পরে স্থানীয় একজন চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ধারণা, দাম্পত্য কলহের জেরে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে রুনাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই স্বামী মো. জিহাদ আত্মগোপনে রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।













