
লালমোহন (ভোলা) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলার লালমোহন উপজেলায় বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের পক্ষে ধানের শীষ প্রতীকে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ চালাচ্ছেন ঢাকাস্থ লালমোহন জাতীয়তাবাদী ছাত্র ফোরামের সাবেক নেতৃবৃন্দ।
গত ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজার থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা কার্যক্রমের সূচনা হয়। এরপর রমাগঞ্জ, ধলীগৌরনগর, চরভূতা, লালমোহন সদর ইউনিয়ন, কালমা,মোতাহার নগর, ফরাজগঞ্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও জনসমাগমপূর্ণ এলাকায় ধারাবাহিকভাবে প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়।
প্রচারণায় অংশগ্রহণকারী সাবেক ছাত্রনেতারা জানান, তারা ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠে নেমে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন এবং সর্বত্র ব্যাপক সাড়া পাচ্ছেন। গণসংযোগকালে তারা মুক্তিযুদ্ধ, ক্রীড়াঙ্গন এবং দেশ গঠনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন, যা তরুণ ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ বিভিন্ন বাস্তবমুখী ও জনকল্যাণমূলক পরিকল্পনার কথাও ভোটারদের সামনে উপস্থাপন করা হয়।
সাবেক ছাত্রনেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের চলমান সংকট উত্তরণ ও জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সাধারণ মানুষ এবার পরিবর্তনের পক্ষে রায় দেবে এবং বিএনপিকেই নির্বাচিত করবে। তারা আরও জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজার ও জনবহুল এলাকায় টানা ৮ দিন ধরে এই প্রচারণা কার্যক্রম চালানো হচ্ছে, যা আগামী ৮ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। এর ফলে লালমোহন উপজেলায় নির্বাচনী আমেজ ক্রমেই জোরালো হয়ে উঠছে।





