রাজশাহী যুবক নিহতের পর ফুটপাথের একপাশ উচ্ছেদ, অন্যপাশ দখল

0
155

অনলাইন ডেস্ক:

রাজশাহী মহানগরীর নিউমার্কেট এলাকার সামনের ফুটপাথের আধিপত্য নিয়ে তাঁতী লীগ নেতাকর্মীদের হামলায় রিয়াজুল ইসলাম (২৬) নামে এক যুবক খুন হয়। নিউমার্কেটের সামনে যুবক খুনের পর ওই এলাকার ফুটপাথ দখলমুক্ত করা হয়েছে।

রবিবার দুপুর ১২টার দিকে বুলডোজার দিয়ে ফুটপাথের ওপর গড়ে ওঠা অন্তত ২৫টি দোকান গুঁড়িয়ে দিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

তবে নিউমার্কেটের উত্তর পাশেই নগর তাঁতী লীগের কার্যালয়। ফুটপাথ দখলকে কেন্দ্র করে হত্যাকাণ্ডে তাঁতী লীগের নেতাকর্মীরা জড়িত বলে এলাকার বাসিন্দাদের অভিযোগ।

থানায় করা মামলাতেও তাঁতী লীগের দুই নেতার নাম উল্লেখ করে মামলা হয়েছে। রাজশাহী সিটি করপোরেশন কর্তৃপক্ষ ফুটপাথের এক পাশ উচ্ছেদ করলেও অন্যপাশ এখনও দখলে। সিটি করপোরেশনের চালানো অভিযানে উত্তর পাশের স্থাপনা উচ্ছেদ করা হয়নি। এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।

সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক বলেন, তারা নিয়মিতই ফুটপাথ দখলমুক্ত করার কাজ করেন। যেহেতু সেখানে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তাই সেটা ভেঙে দেওয়া হয়েছে। নিউমার্কেটের উত্তর পাশের ফুটপাথ ভাঙা হয়নি। কারণ, তার পাশে দারুচিনি নামে একটি ভবনের নির্মাণ হচ্ছে। ওই ভবনের কাজ শেষ হলেই উত্তর পাশের ব্যবসায়ীদের ওই ভবনের একটি অংশে পুনর্বাসন করা হবে। এ নিয়ে তাদের সঙ্গে সিটি করপোরেশনের কথা হয়েছে বলে জানান তিনি।

গত ২১ মার্চ রাতে নিউমার্কেটের সামনের ফুটপাথে নিজের দোকানেই ছুরিকাঘাতে আহত হন রিয়াজুল। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেদিন রাতেই নিহত রিয়াজুলের বাবা মধু মিয়া বাদী হয়ে মামলা করেন।

নিহত রিয়াজুলের পরিবারের দাবি, তাঁতী লীগের রানা ও রনি কয়েকদিন ধরে ফুটপাথ থেকে তাদের উচ্ছেদের চেষ্টা করছিলেন।

তিনি বলেন, ‘আমার ছেলেকে হত্যা করা হলো। আবার আমার দোকান উচ্ছেদ করা হলো। যারা হত্যা করলো তাদের দোকান উচ্ছেদ করা হলো না।’

ফুটপাথের দোকান উচ্ছেদ করার পর সেখানকার ব্যবসায়ীরা বলেন, সামনে রমজান মাস। একটি হত্যাকাণ্ডের পর প্রায় ১০০ পরিবার পথে বসে গেল।

নিহত রিয়াজুলের বোন বৃষ্টি আক্তার বলেন, হত্যাকাণ্ডের ঘটনা এক সপ্তাহ হয়ে গেছে। কিন্তু তাঁতী লীগের ওই দুই ভাইকে পুলিশ গ্রেফতার করতে পারেনি পুলিশ। উল্টো তাদের দোকানগুলোই ভেঙে দিল।

নিউমার্কেটের সামনের ফুটপাথে মূলত জুতা, কাপড়, চায়ের দোকান চলে। ফুটপাথে জুতার ব্যবসা করেন আলামিন ও আকাশ। তারা বলেন, ফুটপাথ ভেঙে ফেলার বিষয়টি আগে থেকে তাদের বলা হয়নি। রমজান মাসকে সামনে রেখে তারা দোকানে অনেক বিনিয়োগ করেছেন। তারা সামনের রমজান মাসটা সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ফুটপাথ দখলমুক্ত করার দায়িত্ব সিটি করপোরেশনের। তারা সহযোগিতা চাইলে পুলিশ সহযোগিতা করবে।


রাজশাহী যুবক নিহতের পর ফুটপাথের একপাশ উচ্ছেদ, অন্যপাশ দখল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here