যুদ্ধ উত্তেজনায় মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বন্ধ, বিমানবন্দরে ভোগান্তি

0
45

অনলাইন ডেস্ক

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং এর জবাবে ইরানের পাল্টা আক্রমণের ফলে পুরো মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা তৈরি হয়েছে। এই অস্থির পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক আকাশপথে যাত্রী ও পণ্য পরিবহনে। নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং বেসরকারি সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের সব গন্তব্যে তাদের ফ্লাইট কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। পাশাপাশি বাংলাদেশ থেকে বাহরাইন, কুয়েত, দুবাই, কাতার ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ফ্লাইট পরিচালনাকারী বেশির ভাগ বিদেশি এয়ারলাইনসও তাদের ফ্লাইট স্থগিত রেখেছে।

ফ্লাইট বাতিল ও বিলম্বের কারণে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ মধ্যপ্রাচ্যগামী হাজারো যাত্রী আটকা পড়েছেন। নির্ধারিত সময়ে ফ্লাইট না ছাড়ায় অনেক যাত্রীকে দীর্ঘ সময় টার্মিনালে অপেক্ষা করতে হচ্ছে, যার ফলে ভোগান্তি বেড়েছে।

এই পরিস্থিতি সরেজমিনে দেখতে শনিবার সন্ধ্যায় বিমানবন্দরে যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি সংশ্লিষ্ট এয়ারলাইনস ও বিমানবন্দর কর্তৃপক্ষকে যাত্রীদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করার নির্দেশ দেন। প্রয়োজনে হোটেল, খাবার এবং নিয়মিত হালনাগাদ তথ্য সরবরাহেরও নির্দেশনা দেন তিনি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট ‘হোল্ড’-এ রাখা হয়েছে। তিনি বলেন, ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি ফ্লাইট (বিজি-৩৪৯) নিরাপত্তাজনিত কারণে মাঝপথ থেকেই ঢাকায় ফিরিয়ে আনা হয়।

অন্যদিকে ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাদের সব মধ্যপ্রাচ্যগামী উড়োজাহাজ বর্তমানে গ্রাউন্ডেড রাখা হয়েছে। তিনি আরও জানান, দুবাইয়ে অবস্থানরত একটি ফ্লাইট সেখানে নিরাপদে রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জেদ্দা, রিয়াদ, দাম্মাম, মদিনা, দুবাই, আবুধাবি, শারজাহ ও কুয়েতগামী যাত্রীদের বিমানবন্দরে না আসার জন্য অনুরোধ জানিয়েছে। সর্বশেষ তথ্যের জন্য বিমানের কল সেন্টার নম্বর ১৩৬৩৬-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

এদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক জরুরি বিজ্ঞপ্তিতে এয়ারলাইনসগুলোর জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে। এর মধ্যে রয়েছে—ফ্লাইট বাতিল বা বিলম্বের তথ্য আগেভাগে এসএমএস, ই-মেইল বা কল সেন্টারের মাধ্যমে যাত্রীদের জানানো, বিমানবন্দরে পর্যাপ্ত জনবল রেখে যাত্রীদের সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং যাত্রীদের ট্রাভেল এজেন্সি বা সংশ্লিষ্ট এয়ারলাইনস অফিসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের বর্তমান অবস্থা যাচাই করার পরামর্শ দেওয়া।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।


যুদ্ধ উত্তেজনায় মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বন্ধ, বিমানবন্দরে ভোগান্তি

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here