
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে ভিজিএফের চালের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সংবলিত স্লোগান লেখা নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার চরকালকিনি ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে বিতরণের জন্য আসা ভিজিএফের চালের কয়েকটি বস্তায় এ স্লোগান দেখা যায়।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণের সময় বস্তাগুলোর ওপর ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগানটি সবার নজরে আসে।
চরকালকিনি ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, ঈদুল ফিতর উপলক্ষে সরকার থেকে উপজেলার চরকালকিনি ইউনিয়নের চার হাজার অসহায় পরিবারের জন্য মাথাপিছু ১০ কেজি করে ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়।
চাল বিতরণের সময় কয়েকটি বস্তায় উল্লিখিত স্লোগানটি দেখা যায়।
রাজনৈতিক পটপরিবর্তনের পর সরকারি ত্রাণের চালের বস্তায় এমন স্লোগান দেখে স্থানীয় বাসিন্দা ও সুবিধাভোগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এতে চাল বিতরণ কাজে অংশ নেওয়া সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।
চরকালকিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার সাইফুল্লাহ বলেন, গ্রাম পুলিশের মাধ্যমে বিষয়টি জানার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে চালের বস্তায় থাকা নাম মুছে ফেলা হয়েছে।
উপজেলা খাদ্য গুদামের পরিদর্শক নিশাদ জাহান জানান, খাদ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী গুদাম থেকে চাল সরবরাহের সময় পুরনো নাম বা স্লোগান থাকলে তা মুছে দেওয়ার নির্দেশনা ছিল। এরপরও অজান্তে কিছু বস্তায় পূর্বের নাম থেকে যেতে পারে।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ-জামান বলেন, ‘ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট খাদ্য কর্মকর্তার সঙ্গে কথা বলা হয়েছে। তারা অনাকাঙ্ক্ষিত এ ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকার আশ্বাস দিয়েছেন।










