
মো:সাখাওয়াত হোসেন মামুন,পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের নেতা ও গৌরীপুর উপজেলার ১০নং সিধলা ইউনিয়নের বেলতলী গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলাম তালুকদারকে গ্রেফতার করেছে গৌরীপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ আগস্ট ২০২৬) দুপুর ২টার দিকে শ্যামগঞ্জ বাজারের ধান মহলে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারি অভিযানের নেতৃত্ব দেন গৌরীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, ২০২৫ সালের ৬ জানুয়ারি সিধলা ইউনিয়নের টেংগুরী পাড়া গ্রামে একটি গাড়ি ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়েরকৃত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, টেংগুরী পাড়ার ওই সহিংসতার ঘটনার পর ২০২৫ সালের ৯ জানুয়ারি সিধলা ইউনিয়নের পাইস্কা গ্রামের বাসিন্দা মো. সেলিম মিয়া বাদী হয়ে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১৫-২০ জনকে আসামি করা হয়। সেই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবেই পুলিশ রফিকুল ইসলামকে গ্রেফতার করে।
এদিকে যুবদল নেতা রফিকুল ইসলামের গ্রেফতারের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীর দিনে রাজপথের একজন ত্যাগী ও পরীক্ষিত যুবদল নেতাকে এভাবে সাজানো ও মিথ্যা মামলায় গ্রেফতার করা অত্যন্ত দুঃখজনক। এই অন্যায় গ্রেফতার কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।













