
লালমনিরহাট জেলা প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্থানীয় বিএনপি’র একটি গ্রুপের ষড়যন্ত্রের বিচার চেয়েছেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য (এমপি) রোকন উদ্দিন বাবুল।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় লালমনিরহাটের সরকারি আদিতমারী জিএস উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী মূল্যায়ন ও কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বিচার চান।
কর্মী মূল্যায়ন সভায় সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, সব ইউনিয়ন বিএনপি’র সভাপতি-সম্পাদকসহ সব সংগঠনের নেতারা মঞ্চে রয়েছেন। এরা কি তৃণমূলের নেতা না? তাহলে কি ওই ক’জন নেতা, যারা আজ তৃণমূল দাবি করে আমাকে অযোগ্য বলছেন? আমার দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী যদি বলেন, আমি অযোগ্য এবং পদত্যাগ করতে বলেন, তাহলে একটা মুহূর্তও বিলম্ব নয়, সঙ্গে সঙ্গে আমি পদত্যাগ করব।
আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। তিনি যেন সুষ্ঠু তদন্ত করে আমার ওপর এ ষড়যন্ত্রের বিচার করেন। রোকন উদ্দিন বাবুল বলেন, এ চক্রটি মনোনয়নের সময়ও ষড়যন্ত্র করেছে। কিন্তু দলের চেয়ারম্যান তদন্ত করে আমাকে মনোনায়ন দিয়েছেন।
তারা আগের মতো আবার ষড়যন্ত্র শুরু করেছেন। যারা ষড়যন্ত্র করছেন, তারা শুধু আমার ক্ষতি করছেন না, তারা শহীদ জিয়ার পরিবারের ক্ষতি করছেন। তারা চান না, এ আসনে জাতীয়তাবাদী দলের এমপি হোক। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, আপনারা সজাগ থাকবেন, আপনারা সতর্ক থাকবেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। কোনো শক্তি নেই, যারা শহীদ জিয়ার পরিবারের ক্ষতি করবে, আমার অস্তিত্বের ক্ষতি করবে, আমাকে হেয় করবে।
এর আগে প্রজেক্টরের মাধ্যমে সরকার গঠনের ১৮০ দিনের উন্নয়নের অগ্রযাত্রার ডকুমেন্টারি দেখানো হয়। কর্মী মূল্যায়ন সভায় উপজেলার সব ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সম্পাদকসহ সব সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।
তৃণমূলের নেতাকর্মীরা বক্তব্যে দাবি করেন, কালীগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক জাহাঙ্গীর আলম মনোনয়ন চেয়ে বঞ্চিত হওয়ায় নির্বাচনের আগে থেকে এ আসনের বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। ওই পক্ষটির অসহযোগিতার পরও এ আসনে ধানের শীষ প্রতীকে রোকন উদ্দিন বাবুল জয়লাভ করেন। অল্প দিনে তার উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে চক্রটি সংসদ সদস্যের বিরোধিতার নোংরা ষড়যন্ত্র করে উন্নয়ন অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্থ করছেন। তারা এ ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানান।













