আম পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা: যুবকের যাবজ্জীবন

0
9

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে আম পাড়াকে কেন্দ্র করে আবুল হোসেন (৬০) নামে এক বৃদ্ধকে হত্যার দায়ে মোজাম্মেল হক ওরফে বাবু (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক নাহিদ নিয়াজী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মোজাম্মেল হক ওরফে বাবু বন্দরের নূরপাদ্দি এলাকার মোস্তফার ছেলে। নিহত আবুল হোসেন চৌধুরীবাড়ি এলাকার মৃত কফু মিয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে বন্দরের নূরপাদ্দি এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১২ মে সকালে গাছ থেকে আম পাড়া নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে আবুল হোসেনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে কাজল মিয়া বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রবিবার আদালত মামলার রায় ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কেএএম টুটুল চৌধুরী বলেন, আদালতের রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।


আম পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা: যুবকের যাবজ্জীবন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here