
মো: সাখাওয়াত হোসেন মামুন,পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলার শ্যামগঞ্জে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১২ বোতল ভারতীয় মদসহ মো. সুজন মিয়া (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সামনের চেকপোস্টে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটককৃত সুজন মিয়া নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চৈতানগর গ্রামের মো: হাছেন আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই হারুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল নিয়মিত চেকপোস্টে দায়িত্ব পালন করছিল। এ সময় কলমাকান্দা থেকে ঢাকাগামী ‘চন্দ্রডিঙ্গা ট্রাভেলস’-এর একটি বাসে (ঢাকা মেট্রো ব-১৫-৮৯২৭) তল্লাশি চালানো হয়।
বাসে তল্লাশিকালে যাত্রী সুজন মিয়ার কাছ থেকে ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত এই মদের আনুমানিক বাজার মূল্য ৪২ হাজার টাকা।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাঁকেই আদালতে সোপর্দ করা হচ্ছে।













