
পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে মাদক হিসেবে ব্যবহৃত রেকটি হোমিও সিরাপসহ মো. মজিবর রহমান খান (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে চার বোতল রেকটি সিরাপ ও মাদক বিক্রির ৩ হাজার ৭৮৫ টাকা জব্দ করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টা ১৫ মিনিটের দিকে উপজেলার বগা পুলিশ তদন্ত কেন্দ্রের আওতাধীন বগা ব্রিজের পশ্চিম পাশে জসিমের দোকানের পূর্ব পাশে সড়কের ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বগা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) স্বপন কুমার হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক হিসেবে ব্যবহৃত চার বোতল রেকটি হোমিও সিরাপ ও বিক্রির নগদ ৩ হাজার ৭৮৫ টাকাসহ মজিবর রহমান খানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মজিবর রহমান খান বাউফল উপজেলার বগা ইউনিয়নের বানাজোড়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত আয়েন উদ্দিন খানের ছেলে।
বগা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জয়নাল আবেদীন জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।













