বোরহানউদ্দিনে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

0
2

ভোলা জেলা প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাওলাদার মার্কেট এলাকা থেকে নিখোঁজের দুই দিন পর ইসমাঈল (৭) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. রোকন (১৬) নামে এক কিশোরকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের একটি খাল থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত ইসমাঈল হাওলাদার মার্কেট এলাকার আকবর মিয়া ও রুমা বেগমের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার সকালে নিজ বাসা থেকে বের হওয়ার পর ইসমাঈল নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেন। কোথাও সন্ধান না পেয়ে তারা বোরহানউদ্দিন থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মঙ্গলবার সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দা খালের পানিতে একটি বস্তা ভাসতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা বস্তাটি তীরে তুলে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি খুলে ভেতরে এক শিশুর মরদেহ দেখতে পায়।

পরে খবর পেয়ে ইসমাঈলের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

এদিকে, ঘটনার পর মো. রোকন (১৬) নামে এক কিশোরকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। তবে কী কারণে তাকে আটক করা হয়েছে এবং ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে কি না—এ বিষয়ে তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

পুলিশ জানিয়েছে, শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহের ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মৃত্যুর বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফ হোসেন বলেন, একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে তিনি ভোলা সদরে অবস্থান করছিলেন। ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে পৌঁছে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।


বোরহানউদ্দিনে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here