
মালদ্বীপ প্রতিনিধি
মালদ্বীপে বসবাসরত কুমিল্লা জেলা বুড়িচং উপজেলার প্রবাসী বাংলাদেশিদের নিয়ে মিলনমেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে রাজধানী মালের রুট সিক্সটি-সিক্স রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে সফররত সাবেক বুড়িচং উপজেলা ছাত্রদলের সভাপতি ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সম্ভাব্য পৌরসভার মেয়র প্রার্থী মো. কামাল হোসেন।
বিএনপি মালদ্বীপ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি নেহের মিয়া রানা। এসময় উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ বুড়িচং উপজেলা এবং এর আশপাশের জেলা ও উপজেলার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সাংবাদিক মো. আল আমিন। এরপর সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বিশেষ করে কুমিল্লা জেলা বুড়িচং উপজেলার প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন। বুড়িচংয়ের বর্তমান পরিস্থিতি, পৌর এলাকার উন্নয়ন এবং প্রবাসীদের বিভিন্ন প্রত্যাশার কথা তুলে ধরেন। একই সঙ্গে এলাকার উন্নয়নে প্রবাসীদের ভূমিকা ও পারস্পরিক যোগাযোগ আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়।
ফিরোজ সিপনের তত্তাবধানে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. দুলাল হোসেন, মো. মনির হোসেন, মো. সিপন, মো. মনিরুল ইসলাম, মজিব নজরুল মজিব, মো. মোসলেহ উদ্দিন, মো. মতিউর রহমান, মো. মাহাবুবুর রহমান প্রমুখ।
মতবিনিময়কালে সম্ভাব্য পৌরসভার মেয়র প্রার্থী মো. কামাল হোসেন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রবাসীদের বিভিন্ন মতামত ও বক্তব্য শোনেন এবং তাদের সঙ্গে পৌরসভার উন্নয়নসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে মতবিনিময় করেন।একইসাথে প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, নিজ এলাকার উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করেন তিনি।
পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুমিল্লা জেলা বুড়িচং উপজেলার প্রবাসীদের এ মিলনমেলা শেষ হয়।এ সময় অংশগ্রহণকারীরা প্রবাসীদের মধ্যে পারস্পরিক ঐক্য, যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।













