
বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৃথক দুটি অভিযানে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
রোববার (১১ অক্টোবর) সকালে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি টহলদল সীমান্ত পিলার-৩২ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের এলাকায় অভিযান চালায়। এ সময় ১০ হাজার পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়।
অন্যদিকে, রোববার ভোরে বাইশফাঁড়ী বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৩৫ থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় এক লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্ত দিয়ে মাদক পাচার রোধ এবং দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে সুরক্ষিত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।













