সিলেটে আওয়ামী লীগ নেতার হাত কেটে দিল দুর্বৃত্তরা

0
97

সিলেট জেলা প্রতিনিধি:

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নে ছিনু মিয়া চৌধুরী নামে এক আওয়ামী লীগ নেতার বাম হাত কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৩ এপ্রিল) বিকালে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আমুড়া ইউনিয়নের শীলঘাট কুমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত আওয়ামী লীগ নেতা ছিনু মিয়া চৌধুরী আমুড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক ও আমুড়া ইউনিয়নের শীলঘাট গ্রামের মৃত হিরা মিয়া চৌধুরীর ছেলে।

আহত ছিনু মিয়া চৌধুরীর ভাতিজা সালমান আহমদ চৌধুরী জানান, আমার চাচা ছিনু মিয়া মাটি কাটার ঠিকাদার। তিনি মাটি কাটা বাবদ আব্দুল মন্নানের কাছে ২ লাখ ৭০ হাজার টাকা পেতেন। এই পাওনা টাকা আব্দুল মন্নানের কাছে চাইলে তা কাল হয়ে দাঁড়ায় আমার চাচার জন্য। শুক্রবার আমার চাচা ছিনু মিয়া বাড়িতে আসার পথে শীলঘাট কুমারপাড়া এলাকায় আসামাত্র পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে আব্দুল মন্নান তার ছেলেসহ আরো ৬-৭ জনকে নিয়ে আমার চাচার ওপর হামলা করে। তখন দায়ের কোপে আমার চাচার বাম হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনায় ছিনু মিয়া চৌধুরীর ভাতিজা সালমান আহমদ চৌধুরী একই ইউনিয়নের শীলঘাট রংপুর গ্রামের মৃত হবিব আলীর পুত্র আব্দুল মন্নানকে প্রধান আসামি করে ৭ জনের নাম উল্লেখ করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা করেছেন। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনর রশীদ চৌধুরী জানান, এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। ঘটনার পর পুলিশ একজনকে আটক করে আদালতে পাঠিয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।


সিলেটে আওয়ামী লীগ নেতার হাত কেটে দিল দুর্বৃত্তরা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here