নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ছাত্র আন্দোলনে সশস্ত্র হামলার নেতৃত্বদানকারী পেলেন সরকারি অনুদান

0
101

মোঃ আনিসুজ্জামান হৃদয়,পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সশস্ত্র অবস্থায় ছাত্রদের ওপর হামলা চালিয়ে আলোচনায় আসা একজন ব্যক্তি সরকারি আর্থিক অনুদান পেয়েছেন। অভিযুক্ত ব্যক্তি আব্দুর রাজ্জাক, যিনি পূর্বধলার গোহালাকান্দা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

জুলাই-আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শ্যামগঞ্জ বাজারে ছাত্র-জনতার আন্দোলনে হামলা চালানো হয়। ৪ আগস্টের ওই ঘটনায় আব্দুর রাজ্জাকের নেতৃত্বে কয়েকজন আন্দোলন কারীর বাসায় আক্রমণ চালানো হয়। তবে ছাত্র-জনতার প্রতিরোধের মুখে তিনি আহত হন এবং এলাকা ছেড়ে চলে যান।

পরবর্তীতে চমকপ্রদভাবে তিনি জেলা প্রশাসকের কার্যালয় থেকে ১০ হাজার টাকার সরকারি চেক গ্রহণ করেন। এ বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, ৫ আগস্টের পরে আমি কিছুদিন ময়মনসিংহে চিকিৎসাধীন ছিলাম। পরে এক ব্যক্তি আমাকে ফোন দিয়ে জানান উপজেলা পরিষদে যোগাযোগ করলে সরকারি বরাদ্দ পাওয়া যাবে। এরপর আমি সেই বরাদ্দ গ্রহণ করি।

তার ছাত্র আন্দোলনের সময়কার ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, ‘‘আমি ছাত্রদের পক্ষে ছিলাম।’’ তবে আওয়ামীলীগের দলীয় পদ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বর্তমানে আমার কোনো পদ নেই।

এ বিষয়ে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা কবির বলেন, আমি সম্প্রতি এই উপজেলায় যোগদান করেছি। এই বরাদ্দ আমার পূর্বসূরির সময় অনুমোদিত হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখার জন্য আমি জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

এই ঘটনা নিয়ে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ ও আলোচনা শুরু হয়েছে। ছাত্র আন্দোলনের পক্ষের মানুষজন বিষয়টি দ্রুত তদন্ত করে সঠিক সিদ্ধান্ত গ্রহণের দাবি জানিয়েছেন।


নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ছাত্র আন্দোলনে সশস্ত্র হামলার নেতৃত্বদানকারী পেলেন সরকারি অনুদান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here