
তাছলিমা আক্তার, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় ঘরে থাকা বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিষ্ফোরিত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রায়পুরার চাঁনপুর ইউনয়নের বগডরিয়াকান্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে নিহত ওই ব্যক্তির নাম মো. নুরুল ইসলাম (৪০)। তিনি রায়পুরার চাঁনপুর ইউনয়নের বগডরিয়াকান্দি গ্রামের আলীপুর এলাকার মৃত মো. তাল মিয়ার ছেলে। নুরুল ইসলাম একজন ঝালমুড়ি বিক্রেতা ছিলেন।
নিহতের পরিবারের সদস্যরা বলছেন, মূলত নুরুল ইসলামের বড় ভাই আহমদ আলী (৪৫) ওই গ্যাস সিলিন্ডারে বেলুন ফুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বিক্রি করেন। আজ সকালে ঘুম থেকে উঠে নুরুল ইসলাম ব্রাশ করতে করতে ওই সিলিন্ডারের সামনে যান। এ সময় সিলিন্ডারটি বিকট শব্দে বিষ্ফোরিত হয়। এতে আহত হয়ে ঘটনাস্থলেই নুরুল ইসলামের মৃত্যু হয়।
নিহতের বড় ভাই আহমদ আলী জানান, ওই বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডারটি ঘরের এককোনে রাখা ছিল। নতুন করে কিছু বেলুন ফোলানোর জন্য এতে ক্যামিকেলও দেওয়া ছিল। এটি হঠাৎ বিষ্ফোরিত হলে এই দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে চাঁনপুর ইউনিয়ন বিট পুলিশের ইনচার্জ উপপরিদর্শক মাহমুদুল হাসান জানান, নিহতের পরিবারের সদস্যরা বলছেন, এটি নিছকই একটি দূর্ঘটনা। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।













