শরীয়তপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ মেম্বারের অনাস্থা

0
101

শরীয়তপুর জেলা প্রতিনিধি

শরীয়তপুর নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ সরদারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এ নিয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ইউনিয়নের ১২ জন সদস্য (মেম্বার)। চেয়ারম্যানের প্রতি তারা অনাস্থা প্রকাশ করেছেন। ফলে ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

অভিযোগে উল্লেখ করা হয়, গত এক বছর ধরে চেয়ারম্যান আব্দুল আজিজ সরদার ইউনিয়ন পরিষদের আওতাধীন টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দকৃত অর্থ, পরিষদের সিংহ ভাগ কাজ চেয়ারম্যান নিজের ইচ্ছেমত একক সিদ্ধান্তে বাস্তবায়ন করে আসছেন। তার মর্জি অনুযায়ী বণ্টন করেন, কোনো বিষয়ে সমন্বয় করেন না ইউপি সদস্যদের সাথে। এছাড়াও আব্দুল আজিজ সরদার ইউনিয়নের নাগরিক, ওয়ারিশ ও জন্ম-মৃত্যু নিবন্ধন সনদ দিতেও অবৈধভাবে নগদ অর্থ দাবি করেন ইউপি সদস্যের মাধ্যমে।

ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জসিম মাল জানান, চেয়ারম্যান তার নিজের ইচ্ছেমত পরিষদের কাজ করে থাকেন। আমাদের কাজ থেকে রেজ্যুলেশনে স্বাক্ষর নিয়ে যান, তারপর কোথায় থেকে কাজ, বরাদ্দ আসে, সেই বরাদ্দ কোথায় যায়, সেটা আমরা ইউপি সদস্যরা কেউ জানে না।

৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী ঢালী জানান, গত এক বছরে যে বরাদ্দ এসেছে পরিষদে, সেই বরাদ্দ চেয়ারম্যান তার ইচ্ছেমত বণ্টন করছেন এবং সিংহ ভাগ কাজ তিনি নিজেই বাস্তবায়ন করেছেন। এছাড়া ইউনিয়নের নাগরিক, ওয়ারিশ ও জন্ম-মৃত্যু নিবন্ধন সনদ দিতেও অবৈধভাবে আমাদের মাধ্যমে নগদ অর্থ দাবি করেন।

এ ব্যাপারে অভিযুক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ সরদার জানান, আমি সকল সদস্যর স্বাক্ষর নিয়ে কাজ করেছি। আর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কথার বাইরে কোনো কিছু করি না। কেন এসব হয়েছে তা আমি জেনে, তারপর আপনাদের জানাতে পারবো।

নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন মোল্লা জানান, অভিযোগের ঘটনা শুনে এখানে এসেছি। কি নিয়ে অভিযোগ করেছে, চেয়ারম্যান আর মেম্বারদের সাথে একসাথে বসে বিষয়টি জেনে সমাধানের চেষ্টা করবো।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদউজ্জামামানকে একাধিকবার ফোন ও মোবাইলে বার্তা পাঠিয়ে এ বিষয়ে জানা যায়নি।

শরীয়তপুর জেলা প্রশাসক মো. পারভেজ হাসান জানান, এ বিষয়ে তিনি কোনো কিছু জানেন না। তার কাছে কোনো অভিযোগের কাগজ আসেনি।


শরীয়তপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ মেম্বারের অনাস্থা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here