গীতিকার রাসেল ও’নীলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক:

অনেক স্মরণীয় গানের গীতিকার রাসেল ও’নীলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন লিচু বাগান এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।রাসেলের বয়স হয়েছিল ৪৭ বছর।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে রাসেলের মৃত্যুকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে।

পরিবারের বরাত দিয়ে এসআই সাইদুর বলেন, রাতের খাবার শেষে নিজের রুমে যান রাসেল। পরে রাত সাড়ে ১১টার দিকে পরিবারের অন্য সদস্যরা ডাকাডাকির পর দরজা না খোলায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জনপ্রিয় এই গীতিকারের মৃত্যুর খবরে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তার প্রতি শোক জানাচ্ছেন।

রাসেলের পুরো নাম মেহবুবুল হাসান রাসেল। এক সময় ‘রাসেল ও নীল’ নামে গান লিখতেন তিনি ও বন্ধু ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। পরে রাসেল ও’নীল নামেই পরিচিতি পান রাসেল। দেশের জনপ্রিয় ব্যান্ড ‘দলছুট’-এর অনেক গানের কথাই লিখেছেন তিনি। অনেক গুণী শিল্পী গান করেছেন তার কথায়।

রাসেল ও’নীলের লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ​‘দিন বাড়ি যায়’, ‘সূর্য স্নানে চল’, ‘মনটা তোমার কেনা’ প্রভৃতি।

রাসেল একসময় সাংবাদিকতায় যুক্ত ছিলেন। পরে সাংবাদিকতা ছেড়ে বিজ্ঞাপনী সংস্থায় যুক্ত হন। গানের পাশাপাশি অসংখ্য বিজ্ঞাপনের জিঙ্গেলও লিখেছেন তিনি।


গীতিকার রাসেল ও’নীলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here