
ছৈয়দুল আমিন সাঈদ,কক্সবাজার জেলা প্রতিনিধি
রুখবো দূর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই এই স্লোগান দিয়ে কক্সবাজারের সরকারি বিভিন্ন দপ্তর ও ইউনিয়ন পরিষদের দুর্নীতির বিরুদ্ধে গণশুনানি করেছে দুর্নীতি দমন কমিশন।
বুধবার (১১অক্টোবর) সকালে কক্সবাজার পাবলিক লাইব্রেরির সুভাষ হলের অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে বিভিন্ন শ্রেণীর সেবা গ্রহীতারা এমন অভিযোগগুলো তুলে ধরেন। যার মধ্যে রয়েছে – কক্সবাজার সদর হাসপাতাল, পাসপোর্ট অফিস, বি.আর.টি.এ, সাব-রেজিস্ট্রি অফিস, সহকারী কমিশনার (ভূমি), সমাজসেবা, নির্বাচন অফিস, পরিবেশ অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগ, ব্যাংকিং বিভাগ, শিক্ষা অফিস, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভাসহ মোট ২৫টি দপ্তর।
গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবাপ্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগগুলো জেলার সব সরকারি দপ্তরপ্রধানদের উপস্থিতিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে তুলে ধরেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা গণশুনানি মঞ্চে অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরেন। এরপর দুদক কর্মকর্তারা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। এ ছাড়া কিছু অভিযোগ আমলে নিয়ে জেলার দুদক কর্মকর্তাদের তদন্ত করার নির্দেশ দেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মোহাম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক।
গণশুনানিতে শেষে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে দুদকের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বলেন,গণশুনানিতে মোট ৭৯টি অভিযোগ উত্থাপিত হয়েছে। যার মধ্যে বেশিরভাগ অভিযোগ ভুমি অধিগ্রহণ জমি সংক্রান্ত। কক্সবাজার বিশাল মেগাপ্রকল্প হচ্ছে এই কারণে কিছু অসাধু লোক প্রতারণা করে টাকাগুলো হাতিয়ে নিচ্ছে। এটির জন্য কক্সবাজারবাসীকে আরো সচেতন হতে হবে। শুধু জমি কিনলে হবে না এটি রেকর্ড হয়েছে কিনা সেটাও জানা দরকার। তারপরও আমরা নোট করে নিয়েছি যেগুলো প্রতিরোধযোগ্য সেটার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছি। যদি জেলা প্রশাসক ব্যর্থ হয় তাহলে আমরা দুদক ব্যবস্থা নিব। ফাঁকি দেওয়ার কোন সুযোগ নেই ।
এসময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক প্রতিরোধ আক্তার হোসেন, চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশনের পরিচালক মাহমুদ হাসান,কক্সবাজারের পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, কক্সবাজার দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বকুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।













