ভালোবাসা দিয়ে সবার মনে জায়গা করে নিতে চাই –  নিলুফার আনজুম পপি এমপি

0
127

মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৮ ময়মনসিংহ-৩ গৌরীপুর সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্ত্রী পপি এই গৌরীপুরের কৃতি সন্তান।

গত ১৫ জানুয়ারি ২০২৪ ইং রোজ সোমবার বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার শিরীন শারমিন চৌধুরী এমপি তার সংসদ ভবনস্থ কার্যালয়ে ১৪৮, ময়মনসিংহ-৪ গৌরীপুর আসনের মাননীয় সংসদ সদস্য হিসেবে এডভোকেট নিলুফার আনজুম পপিকে শপথ বাক্য পাঠ করান। শপথগ্রহণ শেষে সংসদীয় সকল কাজ শেষ করে, ১৬ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে গণভবনে শুভেচ্ছা বিনিময় করেন নতুন এমপি। স্থানীয় নেতা কর্মীদের নিয়ে, ধানমন্ডি ৩২ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পন করেন তিনি।

শপথগ্রহণের পর ২১ জানুয়ারি ২০২৪ ইং রোজ রবিবার বিকেল ২ টার সময় নিজ সংসদীয় এলাকায় গৌরীপুরে আসবেন তিনি। শপথ গ্রহণের পর প্রথম এলাকায় আসা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি আবেগঘন পোস্ট করেন পপি।

ফেইসবুক পোস্টে পপি লিখেন, “আমার গৌরীপুর, আমার প্রিয় মানুষেরা, আমার গৌরীপুরের আপামর জনসাধারন সবাই আমার প্রিয়জন। আমি বিশ্বাস করি আপনারা ভালোবেসে আপনাদের নিজের মেয়ে বলেই আমাকে আপনাদের কথা বলার জন্য সংসদে পাঠিয়েছেন। আমি বিশ্বাস করি দল-মত-রাজনীতির উর্ধ্বে উঠে আপনারা আমাকে নির্বাচিত করেছেন। এই মাটির ঋণ, এই ভালোবাসার ঋণ, মিটানোর সাধ্য আমার নাই। তবু কথা দিয়ে যেতে চাই আজন্ম আমি আমার সবটুকু দিয়ে আপনাদের পাশে দাঁড়াবো।

মাননীয় সাংসদ আরো লিখেন, “ভালোবেসে যারা আমার পাশে ছিলেন। যারা সামাজিক কিংবা রাজনৈতিক কারনে পাশে থাকতে পারেননি কিন্তু ভালোবেসে আমার মঙ্গল চেয়েছেন সবাই আমার পথচলার সাথী হবেন। নির্বাচন একটি প্রতিযোগিতা, যেহেতু আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করিনা তাই সংঘাত নয় ভালোবাসা দিয়ে সবার মনে জায়গা করে নিতে চাই।

উন্নত গৌরীপুর গড়তে ও গৌরীপুরবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়ে পপি আরো লিখেন, “আসুন সকলে মিলে সমৃদ্ধ-উন্নত-দারিদ্রমুক্ত ও আধুনিক সুবিধাসম্বলিত গৌরীপুর গড়ি। গৌরীপুরকে ঘিরে যার মনে যা স্বপ্ন আছে কমেন্টে লিখুন। আমি নোট রাখবো ও চেষ্টা করবো স্বপ্ন পূরনের গল্প সাজাতে। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাকে নিজের মেয়ে মনে করেই সকলে মিলে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে আমাকে বিজয়মাল্য দিয়েছেন। উন্নয়ন ও সমৃদ্ধির পথে হাঁটি সকলে মিলে এটাই চাওয়া। কৃতজ্ঞতা সবসময়।


ভালোবাসা দিয়ে সবার মনে জায়গা করে নিতে চাই –  নিলুফার আনজুম পপি এমপি

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here