
খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলে সদর উপজেলায় খেজুরের রস পান করে বিষক্রিয়ায় ৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে নড়াইল সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার শাহাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা সবাই শাহাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, রোববার শাহাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন ছাত্র স্কুলে গিয়ে খেজুরের রস পানের পরিকল্পনা করে। পরে সকাল সাড়ে ১০টার দিকে স্কুল থেকে বের হয়ে কিছুদূরে থাকা খেজুর গাছে পেতে রাখা রসের ঠিলা গাছ থেকে পেড়ে ৬ জন রস পান করে। পরে তারা স্কুলে ফিরে গেলে তাদের তীব্র পেটে ব্যাথা শুরু হয়। এরপর অসুস্থ হয়ে পড়লে তাদের ৬ জনকে দ্রুত নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। অসুস্থ শিক্ষার্থীদের সেখানে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রেশমী খাতুন জানান, শিক্ষার্থীরা বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। মাত্রা বেশি না হওয়ায় ওয়াশ করার প্রয়োজন পড়েনি। একজন বমি করেছেন, তার অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে পাঠানো হবে।













