
আসলাম হোসেন অলি,ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইলে নাহিদ হাসান (২৩) নামে এক গ্যারেজ মিস্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার জামুরিয়া ইউনিয়নের বীর ঘাটাইল এলাকার একটি মোটর সাইকেল গ্যারেজের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নাহিদ উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের পোয়াকোলাহা গ্রামের ধলা মিয়ার ছেলে।
নিহত নাহিদ মেসার্স মনির ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের মিস্ত্রী ছিলেন। পাশের গ্যারেজের কর্মচারী সাজ্জাদ হোসেন (৩০) বলেন, সকালে আমি ভেকুর (মাটি কাটার যন্ত্র) কাজ করছিলাম। নাট খোলার জন্য একটি যন্ত্রের প্রয়োজন হয়। নাহিদের গ্যারেজ বন্ধ দেখে শার্টারের কাছে গিয়ে ডাকাডাকি করি। কোনো সাড়াশব্দ পাইনা। হঠাৎ খেয়াল করি গ্যারেজের একটি শার্টার একটু উঠানো। শার্টার পুরোটা উঠিয়ে নাহিদের কাছে গিয়ে ডাক দিলে সাড়া মেলেনা। শরীরে হাত দিয়ে ধাক্কা দিলে শরীর শক্ত লাগে। এরপর আশেপাশের লোকদের ডাক দিলে তারা এসে দেখেন নাহিদ মারা গেছেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ নিয়ে যায়।
গ্যারেজ মালিক মনির হোসেন ব্যবসার কাজে চট্টগ্রাম অবস্থান করছেন। তার বড় ভাই মনসুর আলী বলেন, ‘নাহিদ তিনমাস ধরে এই গ্যারেজে কাজ করছেন। ঘটনাস্থলে দেখা যায় মোটরসাইকেলের লুকিং গ্লাস ও নম্বর প্লেট পড়ে আছে। স্থানীয়দের ধারণা রাতের কোনো এক সময় চোর মোটরসাইকেল চুরি করে নেয়ার সময় নাহিদ দেখে ফেলায় তাকে হত্যা করা হতে পারে।’
ঘাটাইল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা স্বাভাবিক মৃত্যু না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’













