
মোঃ জিয়াউল হক,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে শহীদ সেলিম-দেলোয়ার দিবস পালিত হয়েছে। স্বৈরচার আন্দোলনে নিহত হওয়া শহীদ সেলিমের ৪০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার সমাধিস্থলে পুস্প স্তবক অর্পণ করেছে উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসন।
২৮ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১০টায় উপজেলার নাজিরপুরে শহীদ সেলিমের সমাধিস্থলে এ পুস্প স্তবক অর্পণ করা হয়। এ সময় বাউফল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মোসারেফ হোসেন খান, শহীদ ইব্রাহিম সেলিমের ভাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইব্রাহিম ফারুক ও নিহতের পরিবারসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। পুষ্প স্তবক শেষে সকাল ১১ টায় নাজিরপুর বাংলাবাজার শহীদ সেলিম স্মৃতি বালিকা দাখিল মাদরাসায় আলোচনা সভা ও দোয়া-অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৯৮৪ সালের ২৮ ফেব্রুয়ারি রাজধানীর ফুলবাড়িয়ায় তৎকালীন স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবি ছাত্র, ডাকসু সদস্য ও সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সভাপতি, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইব্রাহিম সেলিম ও তার সহযোদ্ধা দেলোয়ার। ওই দিন স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের একটি মিছিল ফুলবাড়িয়া এলাকায় পৌছলে মিছিলের ওপর পুলিশের একটি ট্রাক উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই শহীদ হন সেলিম ও দেলোয়ার। এরপর থেকে ২৮ ফেব্রুয়ারী কেন্দ্রীয়ভাবে শহীদ সেলিম-দেলোয়ার দিবস হিসেবে পালিত হচ্ছে।













