
ছৈয়দুল আমিন সাঈদ,কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালী থেকে ভুঁয়া ডিসি, র্যাবের অধিনায়ক, পুলিশ সুপার ও জেল সুপার পরিচয়দানকারী প্রতারক চক্রের প্রধান তোরাব উদ্দিন সিকদারসহ সিন্ডিকেটের আরো ৫ সদস্যকে আটক করেছে র্যাব ১৫। মঙ্গবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।
মঙ্গলবার দুপুরে কক্সবাজারের র্যাব ১৫ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয় যে, তাদের অভিযোগ আসে ডিসি, র্যাবের অধিনায়ক, পুলিশ সুপার ও জেল সুপার পরিচয় দিয়ে সাধারণ মানুষকে সর্বশান্ত করছে একটি চক্র। পরে মঙ্গলবার রাতে টাকা লেনদেনের সময় চকরিয়ার ফাঁসিয়াখালী থেকে প্রতারক চক্রের প্রধান তোরাব উদ্দিন ওরফে রেজাউল করিমসহ তার ৫ সদস্যকে আটক করেছে র্যাব।
র্যাব’র কর্মকর্তা জানান, কুতুবদিয়ার বাসিন্দা তোরাব উদ্দিন চকরিয়ার ফাঁসিয়াখালীতে বিভিন্ন নিরহ মানুষকে নানা ধরনের ফাঁদে ফেলে ২ বছর থেকে প্রতারণা করে আসছে। জেল থেকে জামিন করিয়ে দেয়া, মামলার সমস্যার সমাধান, সরকারী নানা সুযোগ সুবিধা পাইয়ে দেয়ার কথা বলে অর্থ হাতিয়ে নিতো তোরাব উদ্দিন ও তার সিন্ডিকেট। এই জন্য কখনো জেলা প্রশাসক, র্যাবের অধিনায়ক, পুলিশ সুপার কখনো জেল সুপার পরিচয় দিতো তোরাব উদ্দিন।
র্যাব কর্মকর্তা জানান, টাকা হাতিয়ে নিয়ে মোবাইল বন্ধ করে রাখতো এই প্রতারক চক্র।
তোরাব উদ্দিন সিকদার সাথে তার সিন্ডিকেটের বাদশাহ, তারেকুর রহমান, এমদাদুল্লাহ জুবাইর ও মিশকাত আটক করতে সক্ষম হয় র্যাব। এসময় প্রতারণা করে হাতিয়ে নেয়া ৩৫ হাজার টাকাও উদ্ধার করা হয়।












