
তাছলিমা আক্তার
তৃতীয় ধাপে অনুষ্ঠিত আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নরসিংদী জেলার রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেয়ে মাঠে প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন ১০ জন প্রার্থী।
সোমবার (১৩ মে) রিটানিং কর্মকর্তা ও নরসিংদী জেলা নির্বাচন অফিসের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পান প্রার্থীরা।
এবারে এ উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ১০ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করছেন। প্রতীক বরাদ্দ পাওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন, নরসিংদী জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান লায়লা কানিজ লাকি (টেলিফোন), উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ পনির হোসেন (মোটর সাইকেল), পাড়াতুলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌস কামাল জুয়েল (আনারস) নরসিংদী জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলী আহমেদ দুলু (কাপ পিরিচ) ও সমাজসেবক সোলায়মান খন্দকার (দোয়াত কলম)।
ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মধ্যে রোবেল (চশমা), সুমন মিয়া (তালা), মো: মারফত আলী (টিয়াপাখি)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা মানিক (হাঁস) ও জোসনা বেগম (ফুটবল) প্রতীক পেয়েছেন। এদিকে প্রতীক পাওয়ার পর প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন প্রার্থীরা। উপজেলার ২৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমেও চালিয়েছেন ব্যাপক প্রচার প্রচারণা। ৩য় ধাপে আগামী ২৯ মে রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিতব্য হবে।
রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন প্রতিদ্বন্ধী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেছেন।













