
মোঃ শরিফুল ইসলাম,লালমনিরহাট সদর প্রতিনিধি
লালমনিরহাটের জেলা শহরের ডায়াবেটিস মোড় এলাকায় মব সহিংসতার শিকার এক অসহায় পরিবার সংবাদ সম্মেলন করেছে।
সোমবার রাত দশটায় শহরের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য শাহাদাত হাবীব শাওন।
সংবাদ সম্মেলনে শাওন বলেন, গত বছরের এপ্রিলে আওয়ামীলীগের সন্ত্রাসীরা তাদের বাসায় ঢুকে তার মা, নানী, দাদী সহ পরিবারের কয়েকজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করতে গেলেও পতিত আওয়ামী সরকারের এমপির বাধায় সেসময় মামলা নেয়নি পুলিশ। পরে আদালতে মামলা করে পরিবারটি। সেই ঘটনার জেরে গত শুক্রবার রাতে একটি গুজব উস্কে দিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সমর্থিত কিছু যুবক প্রথমে শাওনের দুই ভাই সৈকত ও জিয়াকে অপহরণ করে তুলে নিয়ে বেধড়ক মারধর করে এবং পরে তাদের বাড়ি সহ আরো তিনজনের বাড়ি ভাঙচুর ও লুটপাট করে।
বর্তমানে শাহাদাতের পরিবারসহ পার্শ্ববর্তী আরো তিন বাড়ির পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে শাওনের মা জমিলা বেগম, মামা ফজলুর রহমান, মামী আনজু বেগম উপস্থিত ছিলেন।












