
মোঃ জিয়াউক হক,স্টাফ রিপোর্টার বাউফল পটুয়াখালী
পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইউনিয়নের পৃথক দুটি স্থান থেকে এক কিশোরী ও এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, একজন শৌলা গ্রামের কাঞ্চন খাঁ বাড়ির নজরুল খানের মেয়ে কুমকুম আক্তার (১৪) ও অপরজন ডালিমা ব্রিজ সংলগ্ন গুচ্ছগ্রামের বাসিন্দা জাহিদুল ইসলাম (২২)।
এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার বিকালে শৌলা গ্রামের নিজ বাড়ি থেকে কিশোরী কুমকুম আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরিবারের লোকজন ঘরের আড়ার সাথে কুমকুমকে ঝুলন্ত দেখে ডাক-চিৎকার দিলে বাড়ির লোকজন জড়ো হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। কুমকুম পূর্ব কালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলো।
জানা যায়, আত্মহত্যার আগে মেয়েটি একটি চিরকুট লিখে গিয়েছিলো। তবে ওই চিরকুটে কি লেখা ছিলো তা জানা যায়নি।
এর আগে ভোরে একই ইউনিয়নের ডালিমা ব্রিজ সংলগ্ন গুচ্ছগ্রাম থেকে জাহিদুল ইসলাম (২২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। মৃতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে সেহেরি খেয়ে নামাজ আদায় করতে বের হন জাহিদুল। সকাল ৭টার দিকে পরিবারের লোকজন ঘরের পেছনে কাঁঠাল গাছের সঙ্গে গলায় রশি বাঁধা অবস্থায় জাহিদুলকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা যায়, মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেন জাহিদুল। বর্তমানে তার স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা।
বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ‘লাশ দুটি উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে।’













