থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

0
73

থাইল্যান্ড প্রতিনিধি

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড স্টেম ইনভেনশন ইনোভেশন ২০২৬’-এর আন্তর্জাতিক পর্বে বাংলাদেশ প্রতিনিধি দল স্বর্ণপদকসহ একাধিক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। বাংলাদেশ ইয়াং সায়েন্টিস্ট অ্যান্ড ইনোভেটরস সোসাইটি (বাইসিস)-এর নেতৃত্বে অংশগ্রহণকারী দল ‘টিম আলো’ এ সাফল্য অর্জন করে।

বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতাটি মালয়েশিয়া বুক অব রেকর্ডস কর্তৃক সর্বাধিক প্রতিযোগীর অংশগ্রহণের জন্য স্বীকৃতি লাভ করে।

প্রতিযোগিতার কম্পিউটিং, এআই অ্যান্ড ডিজিটাল ইনোভেশন ক্যাটাগরিতে সেরা উদ্ভাবনী প্রকল্প হিসেবে টিম আলো স্বর্ণপদক অর্জন করে এবং একই ক্যাটাগরিতে সেরা পাঁচে স্থান লাভ করে। দলের সাফল্যের কেন্দ্রে ছিলেন কুষ্টিয়ার উদীয়মান তরুণ উদ্ভাবক মো. আসলাম হোসেন। তিনি ‘প্লাস্টিক বোতল সোলার ল্যাম্প’ শীর্ষক প্রকল্প উপস্থাপন করেন, যা ব্যবহৃত প্লাস্টিক বোতল পুনর্ব্যবহার করে স্বল্প ব্যয়ে নবায়নযোগ্য শক্তিনির্ভর আলোকব্যবস্থা তৈরি করে। এ উদ্ভাবন গ্রামীণ মৎস্যচাষ, ক্ষুদ্র উৎপাদন ক্ষেত্র এবং নিম্নআয়ের মানুষের জন্য একটি টেকসই সমাধান হিসেবে বিবেচিত হয়েছে।

প্রতিযোগিতা শেষে ব্যাংককে নিযুক্ত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত জনাব ফাইয়াজ মুরশিদ কাজী-এর সঙ্গে টিম আলো-এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূত বাইসিস-এর ভূমিকার প্রশংসা করেন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি WYSII 2026-এ টিম আলো-এর চারটি স্বতন্ত্র আন্তর্জাতিক পুরস্কার অর্জনের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও গবেষণাভিত্তিক ও বাস্তবমুখী উদ্ভাবনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

এছাড়া প্রতিযোগিতার আয়োজক মালয়েশিয়া ইয়াং সায়েন্টিস্ট অর্গানাইজেশন (মাইসো)-এর পক্ষ থেকে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান ও বাইসিস-এর সভাপতি মোসাদ্দেক হোসেন-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থাইল্যান্ডে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার দাতুক ওয়ান জাইদি ওয়ান আব্দুল্লাহ এবং মাইসো’র সভাপতি ড. রাজমি বিন আব্দু রাজ্জাক। বাংলাদেশ প্রতিনিধি দলের সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন বাইসিস-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর সাদেকুল ইসলাম ও ওমর মাররওয়ান।


থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here