নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা, নকল সয়াবিন তেল জব্দ

0
39

ইতি খানম, নরসিংদী জেলা প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও জেলা প্রশাসন, নরসিংদী। এ অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা এবং নকল সয়াবিন তেল জব্দ করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) বিএসটিআই আঞ্চলিক কার্যালয় নরসিংদী ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সদর উপজেলার ভেলানগর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা।

অভিযানকালে বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান ও পণ্যসামগ্রী পরীক্ষা-নিরীক্ষা করা হয়। মেসার্স আল্লাহর দান ফল বিতানে মৌসুমি ফলে ক্ষতিকর ফরমালিন পরীক্ষা করে ফল ফরমালিনমুক্ত পাওয়া যায়। মাছের বাজারেও একইভাবে পরীক্ষা চালিয়ে মাছ নিরাপদ নিশ্চিত করা হয়। মেসার্স মোল্লা স্টোরের মুরগির দোকানে ওজনযন্ত্র যাচাই করে সঠিক পাওয়া যায়।

অন্যদিকে, বিএসটিআই লাইসেন্সবিহীন ও ওজনে কম ঘি বিক্রির দায়ে মেসার্স ইসলাম ট্রেডার্সকে “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮” অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই আইনে পণ্য মোড়কজাতকরণ সনদবিহীন কেক ও বিস্কুট বিক্রির অপরাধে মেসার্স সোহাগ কনফেকশনারীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেসার্স ভুঁইয়া স্টোরে নকল সয়াবিন তেল মজুদ ও বিক্রির অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে সমস্ত তেল জব্দ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় নরসিংদীর উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান কে. এম. হানিফ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিদর্শক (মেট্রোলজি) মো. আরিফ হোসেন আসিফ এবং কেমিক্যাল পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) মোহাম্মদ পারভেজ মিয়া। এছাড়া সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. কামরুল পলাশসহ বিএসটিআইয়ের অন্যান্য কর্মকর্তারা অভিযানে অংশ নেন।

এ সময় জেলা পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

সংশ্লিষ্টরা জানান, রমজান মাসে ভোক্তাদের অধিকার সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা, নকল সয়াবিন তেল জব্দ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here