
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন খামারিরা।
মঙ্গলবার দুপুরে উপজেলার জৈনাবাজারে শিমুলতলা পোল্ট্রি খামারি অ্যাসোসিয়েশনের ব্যানারে উপজেলার শতাধিক খামারি এ মানববন্ধনে অংশ নেন। এ সময় তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। এতে প্রায় আধাঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি খামারি পরিষদের সাধারণ সম্পাদক রাসেল প্রধান বলেন, বিভিন্ন কোম্পানি সিন্ডিকেট করে প্রতিকেজি ফিডে প্রায় দুই টাকা করে দাম বাড়িয়েছে। প্রতিবস্তায় ১০০ থেকে ১১২ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এতে পোল্ট্রি খামারির ডিম উৎপাদন খরচ বেড়ে গেলেও ডিমের দাম কমেছে।
ভেটেরেনারি চিকিৎসক ডা. এমরানুল হক স্বপন বলেন, ‘পোলট্রির ডিম উৎপাদনে খামারের মোট ব্যয়ের প্রায় ৭০ থেকে ৭৫ শতাংশই খাদ্য বাবদ খরচ হয়। বর্তমানে প্রতিবস্তা ফিডের দাম ১০০ থেকে ১১২ টাকা পর্যন্ত বেড়েছে। এতে প্রান্তিক খামারিরা মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন।’
এ সময় খামারিরা অভিযোগ করেন, সরকার উৎসের কর প্রত্যাহারের আশ্বাস দিলেও বাস্তবে তা কার্যকর হয়নি। তারা ভুট্টা ও খাদ্য উপাদানের ওপর একাধিক ধাপে আরোপিত কর প্রত্যাহার, কৃষি ও প্রাণিসম্পদের মধ্যে বৈষম্য দূরীকরণ, কৃষির মতো পোল্ট্রি খাদ্যেও ভর্তুকি দেওয়া, বিদ্যুৎ বিলে ছাড় এবং পোল্ট্রি খামারের বিদ্যুৎ বিলের ক্ষেত্রেও একই রেট চালু করার দাবি জানান।
বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি খামারি পরিষদের সভাপতি আসাদুজ্জামান মামুন পোল্ট্রি সেক্টরের খাদ্যের দাম কমানোর দাবি জানান। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুমকি দেন।













