
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র ও ককটেলসহ আন্তঃজেলা ডাকাত দলের সরদার মো. দুলাল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে।
গত সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) দিবাগত রাতে উপজেলার দাউদখালী ইউনিয়নের খায়ের ঘটিচোরা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম।
গ্রেপ্তারকৃত দুলাল মিয়া খায়ের ঘটিচোরা গ্রামের (৫ নম্বর ওয়ার্ড) মৃত আব্দুল খালেক সরদারের ছেলে। তাঁর বিরুদ্ধে ঝালকাঠির একটি স্বর্ণের দোকানে ডাকাতিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, সারাদেশে চলমান বিশেষ অস্ত্র ও মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে মঠবাড়িয়া থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল খায়ের ঘটিচোরা গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানের একপর্যায়ে চিহ্নিত এই ডাকাত সরদারকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হাঁসের ঘরের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি বাজারের ব্যাগ উদ্ধার করে পুলিশ। ব্যাগটি তল্লাশি করে ম্যাগাজিনবিহীন একটি পিস্তল এবং লাল কস্টেপে মোড়ানো ৬টি ককটেল সদৃশ বস্তু জব্দ করা হয়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত দুলাল মিয়া একজন চিহ্নিত ও বিপজ্জনক আন্তঃজেলা ডাকাত সরদার। অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক উপাদান আইনে নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।













