
নেত্রকোনা জেলা প্রতিনিধি
নেত্রকোনার মদন পৌরসভায় মানসিক ভারসাম্যহীন ছেলের ধারালো অস্ত্রের কোপে এলাই মিয়া (৬০) নামের এক বৃদ্ধ বাবা খুন হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের আশকিপাড়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহত এলাই মিয়া ওই গ্রামের মৃত কুন্ডু মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে ইয়াসিন মিয়াকে (২২) আটক করে থানা হেফাজতে নিয়েছে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ইয়াসিন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। গত দুই-তিন দিন ধরে সে না খেয়ে অনাহারে ছিলেন এবং বাড়িতে নানা ধরনের অস্বাভাবিক আচরণ করছিলেন। বুধবার সকালে এলাই মিয়া মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে ঘরে ফিরে চা খাচ্ছিলেন। এমন সময় ইয়াসিন ঘুম থেকে উঠে বাবার পাশে এসে বসেন। এলাই মিয়া ছেলেকে একটি কলা খেতে বললে তা নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।
কথাকাটাকাটির একপর্যায়ে ইয়াসিন উত্তেজিত হয়ে ঘর থেকে বটি এনে পেছন দিক থেকে বাবার ঘাড়ে কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরিবার ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মদন থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ইয়াসিনকে আটক করে।
এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাহ উদ্দীন করিম জানান, “খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং অভিযুক্ত ইয়াসিনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”













