মঠবাড়িয়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর, ২ ককটেল উদ্ধার

0
10

পিরোজপুর জেলা প্রতিনিধি

রাতের আঁধারে পিরোজপুরের মঠবাড়িয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ের তালা ভেঙে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের মিঠাখালী আলম বাজার এলাকায় অবস্থিত বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ঘটনার পর কার্যালয়টির ভেতর থেকে লাল টেপ মোড়ানো দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানাযায়, গভীর রাতে একদল অজ্ঞাত পরিচয় লোক কার্যালয়ের শাটারের তালা ভেঙে ভেতরে ঢুকে কার্যালয়ে থাকা প্লাস্টিকের চেয়ার ও একটি এলইডি টেলিভিশন ভাঙচুরসহ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি কার্যালয় থেকে সরিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। ভাঙচুরের শব্দে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে রাতেই মঠবাড়িয়া থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং দুটি ভাঙা চেয়ার, একটি ক্ষতিগ্রস্ত এলইডি টেলিভিশন, একটি ভাঙা তালা এবং দুটি অবিস্ফোরিত ককটেল আলামত হিসেবে জব্দ করে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজী বলেন, “খবর পাওয়ার পরপরই আমরা প্রশাসনকে বিষয়টি অবহিত করি। পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনগত ব্যবস্থার দাবি জানাচ্ছি।”

বিষয়টি নিশ্চিত করে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ভাঙচুরের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য ও আলামত সংগ্রহ করেছে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


মঠবাড়িয়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর, ২ ককটেল উদ্ধার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here