
শাহরিয়ার রহমান শফি, বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:
বিয়ানীবাজার উপজেলার দক্ষিণ দুবাগ এলাকায় গত ৮ এপ্রিল বাড়ি জায়গা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা, হামলা ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় আহত মহিলার মৃত্যু হয়েছে। রোববার সিলেটের ওসমানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত মহিলার নাম সুফিয়া বেগম (৫২)। তিনি দক্ষিণ দুবাগ এলাকার সুরুজ আলীর স্ত্রী। সংঘর্ষের সময় তিনি নিজ বাড়ির আঙ্গিনায় দাড়ানো ছিলেন। এ সময় একটি ইট তার পেটে এসে পড়লে তিনি অচেতন হয়ে পড়েন। স্বজনরা তাকে দ্রুত সিলেট ওসমানি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় সুফিয়া বেগমের পুত্র বাবুল আহমদ বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২/৩জনকে আসামী করে মামলা দায়ের (মামলা নং-৭/৫৫, তারিখ-১১/৪/২২) করেন।
পুলিশ জানায়, এলাকার আব্দুল কাদিরের দুই পুত্র মাসুক আহমদ (৪৫) ও নাজিম উদ্দিন (৩৮) বসত বাড়ির ভাগ বাটোয়ারা নিয়ে বাগবিতন্ডা ও সংঘর্ষে জড়ায়। তাদের সংঘর্ষ চলাকালে একটি ইটের আঘাতে আহত হন প্রতিবেশি সুফিয়া বেগম। ঘটনার দুইদিন পর তার মৃত্যু হলে থানার এসআই এসআই নিয়াজ মোর্শেদ আবীর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ভাই মাসুক আহমদ (৪৫) ও নাজিম উদ্দিন (৩৮)কে গ্রেপ্তার করেছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, গ্রেপ্তারকৃত দুই ভাই থানা দায়ের করা হত্যার মামলার এজাহারভুক্ত আসামী। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।













