
মোঃ জিয়াউল হক,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে বরিশাল বিএম কলেজের এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর করে হত্যার হুমকি দিয়ে লাখ টাকা ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২৪শে নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া ৩নং ওয়ার্ডে উক্ত ঘটনা ঘটেছে।
মারধরে আহত কলেজ শিক্ষার্থীর নাম মোঃ রাব্বি হোসেন (২১) ৩নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ দেলোয়ার হোসেন মৃধার ছেলে। আহত রাব্বি বাউফল হাসপাতালে ভর্তি হয়েছেন।
ভুক্তভোগী আহত রাব্বি হোসেন বলেন, আমার এক দুলাভাইয়ের অপারেশন সংক্রান্ত কারনে এক লাখ টাকা নিয়ে বাড়ি থেকে বাউফলের উদ্দেশ্যে আমার মোটরসাইকেল যোগে বের হই। এদিকে পশ্চিম খেজুরবাড়িয়া দারুল উলুম কেরাতুল কোরআন হাফিজি মাদ্রাসার বিভিন্ন বিরোধের জের ধরে ওতপেতে থাকা আমাদের এলাকার কালাম হাওলাদারের দুই ছেলে মোঃ লিটন ও সাগর মিলে আমাকে আমার মোটরসাইকেলে করে এক নির্জন স্থানে নিয়ে গিয়ে মারধর করে।
এসময় সাথে থাকা লাখ টাকাসহ আমার মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। যাওয়ার সময় তারা বলে যায় ‘যদি একথা আমি কাউকে বলি তাহলে আমাকে হৃদয় কবিরাজের মতো হত্যা করে গুম করবে’ বলে ভয়ভীতি দেখিয়ে চলে যায়। তারা এলাকায় চিহ্নিত মাদক কারবারি এবং হৃদয় কবিরাজ হত্যার সাথে জড়িত রয়েছে। আমি তাদের বিচার দাবি করছি।
নাসির মৃধা নামে একজন জানান, রাব্বিসহ আমরা লিটন ও সাগর হাওলাদারের অত্যাচারে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা তাদের বিচার দাবি করছি এবং এব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে অভিযুক্ত লিটন হাওলাদার মুঠোফোনে জানান, এরকম কোনও ঘটনা ঘটেনি বলে ফোন কেটে দেন। পরে তার সাথে যোগাযোগ করতে গেলে ফোন বন্ধ পাওয়া।
এ বিষয়ে বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।













