
বিশেষ প্রতিনিধি ভোলা
ভোলার লালমোহনে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বিক্রির জন্য মজুত রাখা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও রোলিং পেপার উদ্ধার করেছে কোস্ট গার্ড। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রবিবার (২৩ আগস্ট) রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত লালমোহন থানার গজারিয়া বাজারসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহনের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, অভিযানকালে সন্দেহজনক দুটি গোডাউনে তল্লাশি চালিয়ে শুল্ক পরিশোধ না করে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে রাখা বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩০ হাজার ৪০০ শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪৩ হাজার ২০০ টাকা। এছাড়া গাঁজা সেবনে ব্যবহৃত ৩৪৮ বান্ডেল রোলিং পেপারও উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৫২ হাজার ২০০ টাকা।
কোস্ট গার্ডের সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত স্থান ত্যাগ করায় কাউকেই ঘটনাস্থল থেকে আটক করা যায়নি।
জব্দকৃত সিগারেট ও রোলিং পেপারের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। সংস্থাটি আরও জানায়, চোরাচালান, শুল্ক ফাঁকি এবং অবৈধ পণ্যের কেনাবেচা রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।













