
নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদীর মাধবদীতে মাসুদ মিয়া নামের এক সুপারশপ ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার সময় তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে ওই ব্যবসায়ী থানায় মামলা করার পর আটক তিনজনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
এর আগে বুধবার (৬ জুলাই) রাত ১০টার দিকে মাধবদী শহরের ছোট গদাইচর এলাকায় ওই মারধর ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলেন- মাধবদী পৌরসভার সাবেক মেয়র শফিউদ্দিন আহমেদের ছেলে শাহিন আহমেদ বিপ্লব (৪৮), মাধবদীর বিরামপুর এলাকার কাউসার মিয়ার ছেলে মাহবুবুর রহমান ওরফে ইয়াবা অপি (২৮) ও মাধবদীর কাশীপুর এলাকার স্বপন ঘোষের ছেলে শুভ ঘোষ (২৪)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৯টায় ব্যবসায়ী মাসুদ মাধবদীর স্কুল মার্কেটের নিচতলায় কেনাকাটা করছিলেন। এসময় বিপ্লবের সাথে ধাক্কা লাগলে মাসুদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাত ১০টায় অপি, বিপ্লব, শুভসহ ৫ থেকে ৬ জন মাসুদকে ছোট গদাইচর রমনী কমিউনিটি সেন্টারের গলিতে নিয়ে কাঠ দিয়ে পিটিয়ে ও কিলঘুসি দিয়ে মারধর করে। পরে তার সঙ্গে থাকা ৭০ হাজার টাকা, আইফোন, এটিএম কার্ডসহ মানিব্যাগ ছিনিয়ে নেয় তারা। এসময় তাকে মারধর করে বিকাশের মাধ্যমে আরও টাকা এনে দেওয়ার দাবি করে। পরে টহলরত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চক্রটির তিন সদস্যকে হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ব্ররহস্পতিবার দুপুরে ব্যবসায়ী মাসুদ বাদী হয়ে ওই তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেন। ওই মামলায় আটক তিনজনকে গ্রেফতার দেখিয়ে নরসিংদী কারাগারে পাঠানো হয়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, রাতের আঁধারে ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়া সময় হাতেনাতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে আসামি মাহবুবুরের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ব্যবসা, অবৈধ অস্ত্র রাখা, ডাকাতি, অপহরণ, হত্যাচেষ্টাসহ মোট ১৪টি মামলা চলমান। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।













