
হানিফ পারভেজ,বড়লেখা মৌলভীবাজার প্রতিনিধি:
শেখ হাসিনার সরকার সবধরনের ভর্তুকি দিয়েই কৃষি ব্যবস্থাকে সচল রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কেননা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পরিবহন এবং খাদ্য প্রাপ্তির যে সমস্যা বিশ্বব্যাপী দেখা দিয়েছে এই সমস্যা থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে হবে। কারণ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোই বলছে বিশ্বে খাদ্য সংকট দেখা দিতে পারে। কাজেই আমাদের বাংলাদেশে যেন কোনোরকম খাদ্যাভাব দেখা না দেয়, তার জন্য এখন থেকেই সকলকে সচেতন হতে হবে। যার যতটুকু সামর্থ্য আছে, জমি আছে, সবাই সেখানে কিছু না কিছু উৎপাদন করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবাযু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
পরিবেশমন্ত্রী শনিবার (২৯ অক্টোবর) দুপুর আড়াইটায় মৌলভীবাজারের বড়লেখায় অনাবাদি পতিত জমি আবাদের আওতায় আনার লক্ষ্যে আয়োজিত ‘কৃষক সমাবেশ ২০২২’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন।
বড়লেখা পৌর শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে বড়লেখা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে স্বাগত বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবল সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এএসএম রাশেদুজ্জামান বিন হাফিজের সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপ পরিচালক সামছুদ্দিন আহমদ, বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, কৃষাণী মনোয়ারা বেগম ও কৃষক আব্দুল খালিক প্রমুখ।













