
শাহরিয়ার রহমান,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে আগামী ২৭শে মে সিলেট রেজিস্ট্রারি মাঠে উলামা পরিষদ বাংলাদেশের উদ্যোগে সিলেট বিভাগীয় খতমে নবুয়ত মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশ সফলের লক্ষ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬মে) বিয়ানীবাজার মোকাম মসজিদের সামন থেকে প্রচার মিছিলটি বের হয়ে পৌর শহর অতিক্রম করে দক্ষিণ বিয়ানীবাজারে এসে শেষ হয়।
মিছিল শেষে উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুব জমিয়তের সেক্রেটারি হাঃ মাওঃ দিলওয়ার হুসাইনের পরিচালনায় পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্র জমিয়ত সভাপতি আব্দুল হামিদ খান।
এসময় বক্তারা বলেন: আমাদের প্রিয় মুহম্মদ রাসুলুল্লাহ (স.) সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী। নবী (স.) এর পর আর কোনো নবী আসবেন না। এ ব্যাপারে কোনো মুসলমান যদি সামান্য পরিমাণ সন্দেহ করে সে মুসলমান থাকতে পারে না।’ ‘রাসুলুল্লাহ (স.) সর্বশেষ নবী হিসেবে আল্লাহ পাক পবিত্র কুরআনে সুস্পষ্ট ঘোষণা করেছেন। এমন সুস্পষ্ট ঘোষণা সত্ত্বেও আজ থেকে প্রায় দেড়শ’ বছর আগে তৎকালীন বৃটিশ সরকারের মদতে এক ব্যক্তি নিজেকে নবী দাবি করে। অভিশপ্ত ব্যক্তিটির নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী।
‘সে সময় থেকে তার অনুসারীরা নিজেদের আহমদিয়া মুসলিম জামাত দাবি করে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালিয়ে আসছে। মুসলিম বিশ্বের অনেক রাষ্ট্রে তাদের অমুসলিম ঘোষণা করা হয়েছে। আমাদের দেশেও কাদিয়ানী ধর্ম অনুসারীদের অমুসলিম ঘোষণার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে,কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় অদ্যাবধি মুসলমানদের সেই দাবি বাস্তবায়িত হয়নি।’ সম্প্রতি কাদিয়ানী ধর্মের অনুসারীরা সুনামগঞ্জে তাদের কাজ চালিয়ে যাচ্ছে দাবি করে বলা হয়, ‘মসজিদের নামে একটি উপাসনালয়ও স্থাপন করেছে। সিলেটেও তাদের অপতৎপরতা শুরুর পাঁয়তারা করছে।
কোনো অবস্থায় তাদের এ সুযোগ দেয়া হবে না।’ মুসলমানদের মধ্যে বিভিন্ন মাযহাব, মাসলাক থাকলেও খতমে নবুওয়ত বিষয়ে কোনো বিভাজন নেই জানিয়ে বলা হয়, ‘এই অভিশপ্ত কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে আগামী ২৭শে মে সিলেট রেজিস্ট্রারি মাঠে সিলেট বিভাগীয় খতমে নবুওয়ত মহাসমাবেশ আহ্বান করা হয়েছে। সিলেটের উলামায়ে কেরামের অরাজনৈতিক ফোরাম উলামা পরিষদের ডাকে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশে দলমত নির্বিশেষে সকলের উপস্থিতি কামনা করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌর জমিয়তের সহ সভাপতি মাওলানা মুজিবুর রাহমান, উপজেলা জমিয়ত নেতা মাওলানা রুহুল আমিন খান, মাওলানা ফারুক আহমদ মাওলানা আব্দুল ফাত্তাহ, এবং জমিয়ত, যুব ও ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ সহ আপামর তাওহীদ জনতা।













