
মোঃ রাসেল,তুরাগ থানা প্রতিনিধি
গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকার ‘নিউ লাইফ’ হাসপাতালে সিজার করার সময় ভুল চিকিৎসায় সিজার টেবিলেই মা ও নবজাতকের মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত গৃহবধূর নাম তামান্না (২১)। তিনি গাজীপুর মহানগরীর পূবাইল থানার বসুগাঁও মীরের বাজার এলাকার মো. তুহিনের স্ত্রী ও মো. সিদ্দিকুরের কন্যা।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, অন্তঃসত্ত্বা স্ত্রী তামান্নাকে ভালো চিকিৎসার আশা নিয়ে বসুগাঁও মীরের বাজার থেকে টঙ্গী স্টেশন রোডের নিউ লাইফ হাসপাতালে নিয়ে আসেন স্বামী তুহিন। তবে সিজার করার সময় ভুল চিকিৎসার কারণে সিজার টেবিলেই মা ও সদ্যজাত শিশুর মৃত্যু হয়।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের উৎসুক জনতা হাসপাতালে ভিড় জমান। খবর পেয়ে থানা পুলিশ প্রশাসনও ঘটনাস্থলে পৌঁছায়। স্বজনদের আহাজারিতে হাসপাতাল প্রাঙ্গণে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
এদিকে ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি টাকার বিনিময়ে রফাদফা ও মীমাংসার চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে।
তবে স্বজন ও স্থানীয় বাসিন্দারা এই মীমাংসার প্রস্তাবে ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা প্রশ্ন তোলেন, হাসপাতাল কর্তৃপক্ষ কি ওই নবজাতক এবং দশ মাস দশ দিন গর্ভে ধারণ করা মায়ের প্রাণ ফিরিয়ে দিতে পারবে? স্থানীয়দের এসব প্রশ্নের কোনো সঠিক উত্তর দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
এলাকাবাসীর অভিযোগ, টঙ্গী স্টেশন রোড এলাকায় এ ধরনের অসংখ্য ছোট ছোট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। একটু কম খরচে চিকিৎসা পাওয়ার আশায় সাধারণ মানুষ নামিদামি হাসপাতাল ছেড়ে এসব প্রতিষ্ঠানে গিয়ে জীবনের ঝুঁকি নিচ্ছেন।
ঘটনার পর গাজীপুর জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এসব ছোট ছোট ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে প্রশাসনিক নজরদারি জোরদার করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সাথে, জীবনঝুঁকি এড়াতে সাধারণ মানুষকে এ ধরনের ভুঁইফোড় হাসপাতাল থেকে সচেতন থাকার বিনীত অনুরোধ জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।













